দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম জাকিরকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সরিষাবাড়ী থানার পুলিশ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়াগ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে তাকে জামালপুরের আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেফতার রাশেদুল ইসলাম গেন্দারপাড়ার মৃত মোজাম্মেল হক তালুকদারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তার মা রাশেদা বেগম পিতা-মাতার ভরণপোষণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সরিষাবাড়ীতে জমি লিখে না দেওয়ায় এক মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার ছেলের বিরুদ্ধে। রোববার পোগলদিঘার গেন্দারপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


