ধামরাইয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে দুই যুবককে অপহরণ, মারধর এবং মুক্তিপণ আদায়ের ঘটনায় চার ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ওই চার ভুয়া ডিবি পুলিশকে গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

ধামরাই থানা পুলিশ জানায়, ১৮ জুন সন্ধ্যায় ব্যবসায়িক কাজে সাভারে যাওয়ার উদ্দেশ্যে ছোট ভাই মো. সিয়াম খন্দকারকে নিয়ে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন আব্দুল্লাহ আল ফাহাদ খন্দকার (২৫)। রাত আনুমানিক সোয়া ৭টায় দিকে সাদা রঙের নোয়া মাইক্রোবাস সেখানে এসে থামে। গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে দুই ভাইকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয়।

এরপর তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে বেঁধে মারধর করে। প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে নগদ ২ লাখ ৬২ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে রাত ১০টা ২০ মিনিটে মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় স্টোন ব্রিকস লিমিটেডের সামনে তাদের ফেলে রেখে পালিয়ে যায়। একপর্যায়ে গাজীপুর মহানগর পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাঈদ আল হাসান শাকিল, মো. সবুজ ওরফে সাগর, মো. জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল এবং মো. মোশারফ আলী। ব্যবহৃত নোয়া মাইক্রোবাসটি জব্দ করে আলামত হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।