চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, যশোরের অভয়নগর ও ফরিদপুরের নগরকান্দা থেকে বৃহস্পতিবার কৃষকসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : গোমস্তাপুরে কমল মার্ডি নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে নিজবাড়ী থেকে বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার সুনিল মার্ডির ছেলে। অভয়নগরে সুজন মণ্ডল নামে এক কৃষক ও অন্তিক বৈরাগী নামে এক জুতা ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে পায়রা ইউনিয়নের ঘোড়াদাইড় গ্রামে নিজ বসতঘর থেকে সুজন মণ্ডলের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত হাজারী লাল মণ্ডলের ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন। একইদিন দুপুরে পালপাড়া এলাকার ভাড়া বাসা থেকে অন্তিক বৈরাগীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অন্তিক বৈরাগী নওয়াপাড়া এলাকার সঞ্জয় বৈরাগীর ছেলে। নগরকান্দায় কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়াকের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (পুরুষ) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে লাশটি উদ্ধার করা হয়।

