চাটমোহরে ভ্যানচালক আবু নাসেরকে (৫২) গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর-কাছিবাটা সড়কের বোয়াইলমারী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়ার খোরশেদ আলমের ছেলে। স্থানীয়দের ধারণা, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন ভ্যানচালক নাসের। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, হাতে আঘাত করে এবং গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ওই অবস্থায় আবু নাসের দৌড়ে পার্শ্ববর্তী জনৈক সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক নাসের। চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ উদ্ধার করে।

স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের জানানো হয়। স্বজনরা আবু নাসেরকে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। ঘটনাটি খতিয়ে দেখতে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।