ভোলার চরফ্যাশনে ট্রলির ধাক্কায় মাদ্রাসাছাত্রী লিয়া আক্তার নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজার-শশীভূষণ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় চার স্থানে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রাজবাড়ীতে যুবক, নারায়ণগঞ্জে গার্মেন্টকর্মী, ফেনীতে পথচারীসহ দুজন এবং নোয়াখালীতে খতিব রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চরফ্যাশন (ভোলা) : নিহত লিয়া চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সে শশীভূষণ থানাধীন হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে। সকালে লিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। ওই স্থানে পৌঁছালে বালুভর্তি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা লিয়ার লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে এবং সড়ক অবরোধ করে। তারা ‘বোন চাই, বোন চাই, ঘাতক চালকের বিচার চাই এবং নিরাপদ সড়ক চাই’-স্লোগান দিতে থাকে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।
রাজবাড়ী : কালুখালী উপজেলায় পিকআপ-বাস সংঘর্ষে যুবক মৃদুল মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার বাংলাদেশ হাট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃদুল মিয়া রংপুরের পীরগাছা থানার সরকারটালী গ্রামের আব্দুল মতিন মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : সিদ্ধিরগঞ্জে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যান চাপায় গার্মেন্টকর্মী মানসুরার মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মানসুরা মুন্সীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার ভুইগড়ের মাহমুদপুর এলাকায় বসবাস করছেন। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
ফেনী : ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার সকালে কসকা ও ছাগলনাইয়ার মির্জার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কসকায় অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে নিহত বৃদ্ধ কবির হোসেনের বাড়ি সদর উপজেলার দক্ষিণ ছনুয়া গ্রামে। সে মোকবুল হোসেনের ছেলে। ছাগলনাইয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত পথচারী সাহাব উদ্দিন খোকনের বাড়ি ফুলগাজীর দক্ষিণ ধর্মপুর গ্রামে। তিনি কবিরাজ বাড়ির বাচ্চু মিয়ার ছেলে।
নোয়াখালী (সুবর্ণচর) : সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব মাকছুদ আলম নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাকছুদ মোটরসাইকেল-ডাম্প ট্রাক সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা।
