ফরিদপুরে ৫০ হাজার টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে লালন মোল্লা নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত লালন মোল্লার বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে। জানা যায়, নিহত স্ত্রী সাজেদা বেগমের বাড়ি বোয়ালমারীর দাঁদপুর ইউনিয়নের ভাটদি গ্রামে। ২০০৪ সালে সাজেদাকে বিয়ে করেন লালন মোল্লা। তিনি লালনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিয়ের পর থেকেই মাদক গ্রহণের টাকার জন্য সাজেদাকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে বলতেন লালন। কয়েকবার তিনি বাবার বাড়ি থেকে যৌতুকের টাকাও এনে দেন। সর্বশেষ ২০২২ সালের ৯ আগস্ট ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন লালন। টাকা এনে দিতে ব্যর্থ হওয়ায় ২৩ আগস্ট ভোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে লালন। এ ঘটনায় ওই দিন নিহতের বোন মাজেদা বেগম থানায় হত্যা মামলা করেন।