চন্দ্রগঞ্জে সালিশ বৈঠকে বাগ্বিতণ্ডার জেরে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধকে গুলি করে মো. আশিক নামে এক যুবক। তারা সম্পর্কে দাদা-নাতি। এ ঘটনায় করা মামলায় আশিককে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আশিককে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র‌্যাব। গ্রেফতার আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে। জানা যায়, গ্রেফতার আশিকের বাবা ফারুক ও মা আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে চলে আসছিল। এ ঘটনায় ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিলেন।

ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তিনি মোবাইল ফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। ঘটনাটি জানতে পেরে ওইদিন রাতেই তিনি এলাকায় আসেন। ৪ জুলাই বিকালে ঘটনাটি নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ দাদা নজরুলকে গুলি করেন। ঘটনার পর থেকে আশিক পলাতক ছিলেন। এ ঘটনায় আশিকের বিরুদ্ধে ৬ জুলাই ভিকটিম নজরুল বাদী হয়ে থানায় একটি মামলা করেন।