মুরাদনগরে ওহেদ ভূঁইয়া (৬০) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার ধামঘর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওহেদ ভূঁইয়া ওই গ্রামের দুধ মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ইরি স্কিম প্রকল্পের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারের উদ্দেশে বের হন ওহেদ ভূঁইয়া। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল ৬টার দিকে লক্ষ্মীপুর পশ্চিমপাড়ার আবু সাঈদের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের স্ত্রী জানান, ইরি স্কিম নিয়ে তার সঙ্গে অনেকের বিরোধ ছিল। সেই বিরোধিতার জেরে তাকে হত্যা করা হতে পারে বলে দাবি করেন তিনি। পুলিশ বলছে, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।’

