ফুলবাড়ির গোড়কমন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার ঘটনার ২০ বছর পর নিহতের স্ত্রী ও তার প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো-উপজেলার গোড়কমন্ডল এলাকার নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নুর মোহাম্মদ ও স্ত্রীর পরকীয়া প্রেমিক আব্দুল গফুর। জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল ফুলবাড়ীর গোড়কমন্ডল গ্রামে স্ত্রী নুরনাহার তার স্বামীকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে তার পরকীয়া প্রেমিকের বাড়িতে নিয়ে যায়। সেখানে স্ত্রী নুর নাহার ও তার বাবা-মা এবং পরকীয়া প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে। এদিকে জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এমরান হোসেন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিচারক তসরুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত এমরান হোসেনের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির উত্তর গোপালপুর গ্রামে। আদালত থেকে জামিন নেওয়ার পর থেকেই সে পলাতক রয়েছে। জানা যায়, ২০২১ সালের ৭ নভেম্বর পাঁচবিবির উত্তর গোপালপুর মাঠ দিয়ে মাদক নিয়ে পালানোর চেষ্টা করছিল এমরান। এ সময় ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৭৯০ পিস নেশাজাতীয় ইনজেকশনের অ্যাম্পুলসহ তাকে আটক করে বিজিবি।

