রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা কেন্দ্র করে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-২। রোববার তাকে কিশোরগঞ্জ সদর থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর মিডিয়া অফিসার মেজর এম মুবীন রহমান তাপস।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে ২৯ জুন রাতে নবোদয় হাউজিংয়ে দুপক্ষের মারামারি হয়। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা একটি পক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল। এ নিয়ে ১ জুলাই সন্ধ্যায় দুপক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সাদ্দাম বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার আদাবরের নবোদয় হাউজিং থেকে একই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। তারা হলো-শোয়েব (৩০), আরমান (১৯) ও নয়ন (১৯)।
