বরিশাল নগরীতে দীর্ঘদিন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিশোর গ্যাং লিডার ডন রাফসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে নগরীর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার দুই সহযোগী সূর্য ও স্টার্লিং এখনো পলাতক রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি বলেন, রাফসানকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগীদের গ্রেফতার করতেও অভিযান চলমান রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে পলাতক সহযোগীদের অবস্থান শনাক্তে অভিযান আরও জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাফসানের নেতৃত্বে গড়ে ওঠা কিশোর গ্যাংটি নগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, মারামারি, চাঁদাবাজি, ভাঙচুর, ছিনতাই এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
