হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ ও প্রভাব দেশটিকে ‘পারমাণবিক অস্ত্রের’ সমতুল্য ক্ষমতা দেয় বলে মন্তব্য করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচল সীমিত করার ক্ষমতা তেহরানের এক বিশাল কৌশলগত বড় অস্ত্র। সম্প্রতি ইরান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেদভেদেভ এই মন্তব্য করেন। আল-জাজিরা।
মেদভেদেভ সতর্ক করে দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে যদি বৃহত্তর সংঘাত তৈরি হয়, তবে ইরান বাব এল-মানদেব প্রণালি দিয়েও নৌচলাচল বন্ধ করে দিতে পারে। এর ফলে বিশ্বজুড়ে তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহণ সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে। তিনি বলেন, ‘আমি আশা করি, পরিস্থিতি এতটা খারাপ হবে না, তবে এই অঞ্চলের সংঘাতকামী সব দেশেরই ইরানের এই ক্ষমতার কথা মনে রাখা উচিত। ইরানের ওপর সাম্প্রতিক মার্কিন হামলার তীব্র সমালোচনা করে মেদভেদেভ একে ‘সম্পূর্ণ বিনা উসকানিতে হামলা’ বলে আখ্যা দেন।
