কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায় নোঙর করা মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও এক প্রকৌশলী মারা গেছেন। ওই প্রকৌশলীর নাম আশিকুজ্জামান তামিম। এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ জনে। শনিবার রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই প্রকৌশলীর মৃত্যু হয়। তামিমের বাড়ি সন্দ্বীপে। এর আগে ৩০ জুন সন্ধ্যায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পথে মৃত্যু হয় ইঞ্জিন বিভাগের গ্রিজার মো. রুবেল ও শাহ আলমের। মঙ্গলবার দুপুরের দিকে ‘এফভি দেশ’ নামের মাছ ধরার ট্রলারে ইঞ্জিন কক্ষ থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর এই হতাহতের ঘটনা ঘটে। ট্রলারে অগ্নিকাণ্ডের সময় পাশে নোঙর করা এফভি ডিজনির নাবিক নিজাম উদ্দিন, মো. রাসেল ও ছিদ্দিক আহমেদ দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।