জুড়ীতে পারিবারিক কলহের জেরে পিতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যায় সৌদি ফেরত ছেলে ফয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। পরে শনিবার বিকালে আসামি ফয়াজ মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রিগাঁও গ্রামের সুলতান আলীর ছেলে। জানা গেছে, ২৬ জুন রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে ফয়াজ মিয়া তার বাবা সুলতান আলীকে পেছন থেকে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে প্রচার করে কৌশলে পালিয়ে যায় ছেলে। পরে নিহতের অপর ছেলে সাহেদ মিয়ার এজাহারের ভিত্তিতে হত্যা মামলা রুজু হয়। শুক্রবার রাতে ঢাকার কদমতলী থানার পাগলা ওয়াসা এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত অবস্থায় ফয়াজ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। ওসি মো. রফিকুল ইসলাম জানান, আদালতে হত্যার দায় স্বীকার করে আসামি স্বীকারোক্তি দিয়েছে।
