আমতলীর মহিলা বিএনপির স্বঘোষিত নারী নেত্রী মাহমুদা আক্তার হেপী ও চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জুয়েল হাওলাদারের গ্রেফতার দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। রোববার বিকালে তালুকদার বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়। এতে বক্তারা বলেন, মাহমুদা আক্তার হেপী ছিলেন আওয়ামী লীগের দোসর। শেখ হাসিনার পতনের পর তিনি ভোল পালটে রাতারাতি বিএনপি নেত্রী হয়ে যান। তিনি তার চাচা জুয়েল হাওলাদারকে দিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। চাচা ও ভাতিজি মিলে এলাকায় জমি দখল, সালিশ বাণিজ্য, সুদের কারবার ও মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। তাদের এমন অপকর্মের বিরুদ্ধে যারা প্রতিবাদ করে তাদের নির্যাতন ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। উপজেলা মহিলা বিএনপির সভানেত্রী মীরা খাঁন বলেন, মাহমুদা আক্তার হেপী মহিলা বিএনপির কেউ না। তার অপকর্মের দায়ভার দল নেবে না। মাহমুদা আক্তার হেপীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
