চট্টগ্রামের হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বেলাল হোসেন (৩২) ফটিকছড়ির ভুজপুরের ৩নং নারায়নহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধলিয়াপাড়ার মাস্টারবাড়ির বাবুলুর রহমানের ছেলে। বেলাল নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নূরুল হক কলোনী বসবাস করত। সূত্র জানায়, রোববার বড়দিঘীরপাড় থেকে ওই যুবককে মোবাইল চুরির অভিযোগে ধরে নিয়ে যায় স্থানীয় জনতা। একপর্যায়ে তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে হাটুভাঙ্গা অবস্থায় বসতঘর থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহত অটোচালক কামাল হোসেন (৩৭) দক্ষিণ চরবংশী ইউপির প্রদানিয়া বাড়ির দিনমজুর আবু সাঈদ প্রদানিয়ার ছেলে। বাবা আবু সাঈদ জানান, কামাল শনিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। রোববার সকালে তার ভাবি ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে টিনের ফাঁক দিয়ে দেখে ভেতরে জানালার সাথে চাদর প্যাঁচানো অবস্থায় কামালের লাশ ঝুলছে। এসআই আবদুর রহীম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
