এক অটোচালকের পথরোধ করে অটো ভাঙচুর, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাঙের ছয়জনকে গ্রেফতার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ। শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজত ও সংশোধনাগারে পাঠানো হয়েছে। আরএমপির গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার সন্ত্রাসীরা হলো শাহমখদুম থানার কালুর মোড়ের রাকসান আলী, খিরসিন টিকর গ্রামের লামা, আবিদ আলী, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল গ্রামের জাহিদুল ও বড়বনগ্রাম কচুপাড়া গ্রামের প্রান্ত।

অভিযোগ, এই সন্ত্রাসীরা ৩ জুলাই শাহমখদুম থানার ডাবতলা সড়কে সিটিহাটগামী অটোরিকশার গতিরোধ করে। তারা অটোচালককে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে মোবাইল ফোন কেনার জন্য জমানো তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় হুমকি দেয়, পুলিশকে জানালে পরেরবার এসে শেষ করে দিয়ে যাবে। ঘটনার দিন রাতে অটোচালক বাদী হয়ে শাহমখদুম থানায় অভিযোগ দায়ের করেন।

সম্প্রতি কিশোর গ্যাঙের সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এটি আলোচনায় আসার পর পুলিশ কিশোর গ্যাঙের বিরুদ্ধে অভিযানে নামে।