ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশবাড়ী এলাকায় মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) নামের এক যুবককে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আব্দুল হামিদের ছেলে রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, রহস্য উদ্ঘাটনে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, রুবেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী, নেশাখোর ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। রুবেল যে বাসায় ভাড়া থাকেন, সেই বাসার মালিক পারুলের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পারুলের চার ছেলেকে আটক করতে পারলে হত্যার রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর পারুল ও তার ছেলেরা পলাতক রয়েছেন।

জানা যায়, রোববার কয়েকজন দুর্বৃত্ত রুবেলের ঘরে ঢুকে তাকে বাঁশ দিয়ে পেটায় এবং একপর্যায়ে তাকে জবাই করে তারা পালিয়ে যায়। পরে রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ, র‌্যাব, পিবিআই কাজ করছে।