টঙ্গীর তুরাগ নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী শামীম মিয়া (১৩) ও আফনান (১১)-এর মৃত্যু হয়েছে। রোববার বেলা এগারোটার দিকে টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় তুরাগ নদে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। নিহতরা হলেন-টঙ্গীর পূর্ব আরিচপুর বউ বাজার এলাকার আনিসুর রহমানের ছেলে শামীম মিয়া ও সাইফুল ইসলামের ছেলে আফনান। তারা দুজনই টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তুরাগ নদ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করেছে।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
