গাজীপুর-১ আসনের সংসদ-সদস্য ও কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সই নকল করে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশনের নামে ভুয়া অনুমতিপত্র বানিয়ে চাঁদাবাজি করার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রোববার আটক হওয়া আ. মমিন নিজেকে বাংলাদেশ অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন, কোনাবাড়ী থানা শাখার চেয়ারম্যান হিসাবে পরিচয় দিতেন। উপজেলার সফিপুরের এ ঘটনায় শ্রমিক নেতা মাসুদ মমিনকে আসামি করে একটি মামলা করেছেন। মমিনের কাছে পাওয়া একটি অনুমতিপত্রে কোনাবাড়ী থানার ওসি কালিয়াকৈর-গাজীপুর-১ আসনের সংসদ-সদস্য এবং কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যানের নাম ও সই জাল করা একটি লিফলেট পাওয়া গেছে। অনুমতিপত্রে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার নামে সড়ক, বাজার ও বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী কাজের কথা বলা হলেও, এই কাগজ ব্যবহার করে তিনি বিভিন্ন স্থানে অটোরিকশাচালকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছিলেন। রোববার সফিপুরে ওই অনুমতিপত্র দিয়ে চাঁদাবাজি করছিল মমিন। কাগজপত্র যাচাই করে দেখা যায় সইগুলো জাল। পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, চাঁদাবাজির সময় স্থানীয় জনতা মমিনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।