কালীগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুদি ব্যবসায়ী মামুনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে হত্যাচেষ্টার সংবাদ পাওয়া গেছে। এ সময় ব্যবসায়ীর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে মাদক সম্রাট রফিকুল ইসলাম রফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মুক্তারপুর ইউনিয়নের বড়গাঁও আউয়ালের মোড়সংলগ্ন মনিরের বাড়িতে। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন যুগান্তরকে বলেন, অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী মামুন বাদী হয়ে রোববার বিকালে বড়গাঁও এলাকার রফিকুল ইসলাম ওরফে রফিক, এমরান শেখ, গোলায়েত হোসেন, সাইদুল ইসলাম, মনির হোসেন ও সানাউল্লাহসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।