বাগাতিপাড়ায় স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে আধা ঘণ্টার ব্যবধানে মারা গেলেন স্ত্রীও। বৃহস্পতিবার বিকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারী গ্রামে এমন ঘটনা ঘটে। ওইদিন রাতে বাটিকামারী সামাজিক কবরস্থানে উভয়ের লাশ দাফন করা হয়। মৃতরা হলেন- স্বামী হায়দার আলী (৭০) এবং স্ত্রী রহিমা বেগম (৬৫)। জানা যায়, বৃহস্পতিবার বিকালে হায়দার আলী নিজের মুদি দোকানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা দিলেও পথেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছু সময় পর তিনি মারা যান। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে এলে স্ত্রী রহিমা বেগম স্বামীর লাশ দেখে ভেঙে পড়েন এবং গভীর শোকে তিনি মূর্ছা যান। প্রায় আধা ঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত হায়দার আলীর শ্যালক আশরাফুল আলম জানান, প্রায় তিন বছর আগে তাদের একমাত্র ছেলে জুয়েল স্ট্রোকজনিত কারণে মারা যান। সংসারের একমাত্র উপার্জনের উৎস ছিল হায়দার আলীর মুদি দোকান। যেখানে তার পুত্রবধূ সহযোগিতা করতেন। তিনি আরও জানান, ছেলের মৃত্যুর পর থেকেই হায়দার আলী হৃদরোগে ভুগছিলেন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। বৃহস্পতিবার তিনি মারা যান এবং তার মৃত্যুর শোক সইতে না পেরে আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রীও মারা যান।