রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামি না হলেও ওই ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেফতার করেছে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।

গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে সালিশ বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় পরদিন মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। তাতে যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।