নেত্রকোনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। শুক্রবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ জানায়, মামলার পর থেকেই রিপন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ভিকটিম কিশোরী ও রিপন একই এলাকার বাসিন্দা। রিপন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসাবে পরিচিত। এই পরিচয়ের সুযোগ নিয়ে কিশোরীকে বিভিন্ন সময় কনটেন্ট তৈরির কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখাতেন এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ৩০ জুলাই রাত ৮টায় জরুরি কথা আছে বলে কিশোরীকে বাড়ির পাশের জঙ্গলে নেওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রিপনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।