কক্সবাজারে সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এই মামলার প্রধান আসামি ফরিদকে বৃহস্পতিবার রাজধানীর মধ্য পীরেরবাগের আজাদ মিনি মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে। র‌্যাব জানায়, ১ আগস্ট কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় ফরিদের পরিচালিত প্যারাসেইলিং স্পটে সৌভিক রায় প্যারাসেইলিং করতে যান। উড্ডয়নের সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে রশি ছিঁড়ে তিনি সমুদ্রে পড়ে যান।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত উদ্ধার ব্যবস্থা না থাকায় সৌভিককে বিলম্বে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার এক নম্বর আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। পরে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪ এর একটি যৌথ দল তাকে গ্রেফতার করে। ফরিদকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।