ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার (১০০ মিলিয়ন ইউয়ান) মূল্যের অতিরিক্ত জরুরি মানবিক সহায়তা দেবে চীন। এই সহায়তা দুর্যোগ মোকাবিলা, ত্রাণ বিতরণ এবং পুনর্গঠন কাজে ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৩০ জুন) চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিআইডিসিএ) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র টাং ইং এ তথ্য জানান।
তিনি বলেন, “সম্প্রতি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার। এ পরিস্থিতিতে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন।”
টাং ইং জানান, গত ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাছে শোকবার্তা পাঠিয়ে দুর্গত মানুষের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে চীনা সরকার তাৎক্ষণিকভাবে ভেনেজুয়েলাকে জরুরি নগদ মানবিক সহায়তা দেয়।
তিনি আরো বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ বিবেচনায় নিয়ে চীন এবার অতিরিক্ত প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব সহায়তা ভেনেজুয়েলার ত্রাণ কার্যক্রম এবং পুনর্গঠনে ব্যবহার করা হবে।”
টাং ইং আশা প্রকাশ করেন, “ভেনেজুয়েলা সরকারের নেতৃত্বে দেশটির জনগণ দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্গঠন করতে সক্ষম হবে।”
সংবাদ সম্মেলনে তিনি জানান, এখন থেকে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের বৈদেশিক সহায়তা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্পের সফল উদাহরণও তুলে ধরা হবে। এর মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় চীনের উদ্যোগ ও অর্জন সম্পর্কে আরো স্পষ্ট ধারণা দেওয়া হবে।








