বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলে স্পেনের ফুটবলাররা মোটা অঙ্কের বোনাস পাবেন। তবে সেই আনন্দের বড় একটি অংশ চলে যাবে স্পেনের কর কর্তৃপক্ষের কাছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, স্পেন যদি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে স্প্যানিশ ক্লাবে খেলা জাতীয় দলের ১৭ জন ফুটবলারকে সম্মিলিতভাবে প্রায় ৬ মিলিয়ন ইউরো (প্রায় ৬০ লাখ ইউরো) যা বাংলাদেশি টাকায় প্রায় ৯০ কোটি টাকা আয়কর দিতে হবে।
বিশ্বকাপ জিতলে স্পেনের প্রতিটি খেলোয়াড় ৭৫৪,৭০১.৯২ ইউরো (প্রায় ৮৬৫,৩৮৪ ডলার) বা ১১ কোটি ৩২ লাখ টাকা বোনাস পাবেন। তবে এই অর্থকে স্পেনের কর আইন অনুযায়ী চাকরিজনিত আয় হিসেবে গণ্য করা হবে। ফলে বোনাসের একটি বড় অংশ কর হিসেবে কেটে নেওয়া হবে।
কর বিশেষজ্ঞদের হিসাব বলছে, মোট করের মধ্যে প্রায় ৪.৪ মিলিয়ন ইউরো বা প্রায় ৬৬ কোটি টাকা যাবে স্পেনের কেন্দ্রীয় ট্যাক্স এজেন্সির কাছে। এছাড়া নাভারা অঞ্চলের কর বিভাগ পাবে প্রায় ৩ লাখ ৫০ হাজার ইউরো যা প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা, আর গিপুজকোয়া ও বিস্কাইয়া অঞ্চলের কর বিভাগ পাবে প্রায় ৩ লাখ ইউরো বা ৪ কোটি ৫০ লাখ টাকা করে।
স্পেনের কর আইনে জাতীয় দলের খেলোয়াড়দের এই বোনাসকে ব্যক্তিগত আয়করের আওতায় আনা হয়। ফলে এটি অনিয়মিত আয় হিসেবে ৩০ শতাংশ করছাড় পাওয়ার সুযোগও বেশিরভাগ খেলোয়াড়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এই নিয়মের আওতায় থাকবেন পেদ্রি, গাভি, লামিনে ইয়ামাল, ফেরান তোরেস, দানি ওলমো, পাও কুবারসি, এরিক গার্সিয়া, জোয়ান গার্সিয়া, মার্কোস লরেন্তে, মার্ক পুবিল, আলেক্স বায়েনা ও বোরহা ইগলেসিয়াসের মতো ফুটবলাররা।
অন্যদিকে, বাস্ক অঞ্চল ও নাভারার নিজস্ব কর ব্যবস্থার কারণে মিকেল ওইয়ারসাবাল, ভিক্টর মুনিয়োজ, উনাই সিমন, আয়মেরিক লাপোর্তে ও নিকো উইলিয়ামস কিছুটা ভিন্ন নিয়মের আওতায় কর দেবেন। সেখানে সর্বোচ্চ ৩ লাখ ইউরো পর্যন্ত বিশেষ করছাড়ের বিধান রয়েছে।
গেসথার মহাসচিব হোসে মারিয়া মোল্লিনেদো জানান, স্পেনের এই করব্যবস্থা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির করনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই রদ্রি, ডেভিড রায়া, মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো, ইয়েরেমি পিনো, আলেহান্দ্রো গ্রিমালদো ও ফাবিয়ান রুইজের মতো খেলোয়াড়দের ক্ষেত্রেও একই ধরনের কর প্রযোজ্য হবে।
অর্থাৎ, বিশ্বকাপ জয়ের গৌরবের সঙ্গে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার মিললেও, তার উল্লেখযোগ্য অংশ কর হিসেবে রাষ্ট্রের কোষাগারেই জমা পড়বে।
আরআর/এমএমআর








