বিশ্বকাপ ফাইনাল শুরু হতে বাকি এখনো ২৪ ঘণ্টারও বেশি কিছু সময়। তবে এখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে কাজ করছে রোমাঞ্চ-উত্তেজনা। আর্জেন্টিনা কি জিতবে টানা দ্বিতীয় বিশ্বকাপ নাকি ১৬ বছরের অপেক্ষা ফুরোবে স্পেনের—সেটার ফয়সালা হবে আগামীকাল। শিরোপা নির্ধারণী এই ফাইনালেই আর্জেন্টিনার সামনে থাকছে আরও রেকর্ড গড়ার সুযোগ।

নিউজার্সিতে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। যদি কাল ৪ গোল করতে পারে, তাহলে ব্রাজিলের দুটি রেকর্ড ভেঙে দেবে আর্জেন্টিনা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত আলবিসেলেস্তেরা করেছে ১৯ গোল। কাল চার গোল করলে লিওনেল স্কালোনির দলের গোল হবে ২৩। তাতে করে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় আর্জেন্টিনা যৌথভাবে ফ্রান্সের পাশে বসবে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্স করেছিল ২৩ গোল। আর ১৯৫০ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল করেছিল ২২ ও ১৯ গোল।

এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে অবশ্য হাঙ্গেরি অনেক এগিয়ে। ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরি করেছিল ২৭ গোল। একই বিশ্বকাপে পশ্চিম জার্মানি ২৫ গোল করেছিল। অবশ্য ব্রাজিলের রেকর্ড ভাঙা আর্জেন্টিনার জন্য সহজ হবে না। কারণ, এবারের বিশ্বকাপে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন্স ‘চীনের মহাপ্রাচীর’ মনে গেছেন। সাত ম্যাচ মিলে কেবল এক গোল হজম করেছে স্পেন। বিপরীতে স্প্যানিশরা দিয়েছে ১৩ গোল।

২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর জয়রথ ছুটছে আর্জেন্টিনার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১৩ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচগুলোতে দুই বা ততোধিক গোল করে নতুন রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এর আগে এই রেকর্ডটি ছিল উরুগুয়ের। ১৯৩০ থেকে ১৯৫৪ পর্যন্ত টানা ১১ ম্যাচ দুই বা ততোধিক গোল করেছিল লাতিন আমেরিকার দলটি।

আর্জেন্টিনা এবার সেমিফাইনালে উঠেই নতুন এক রেকর্ড গড়েছিল। তারা সেমিফাইনাল খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আর সেমিতে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল স্পেন। তাতে ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলোর দেখা হয়েছে সেমিতে। বর্তমান র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি ঠিক করা হয়েছিল, তখনো র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।

নিউজার্সিতে আগামীকাল স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।