নড়াইলে চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম আনোয়ার হোসেন। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আনোয়ার নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।

পরিবারের অভিযোগ, ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন আনোয়ার। পরদিন সকালে তারা জানতে পারেন, সদর উপজেলার গোবরা এলাকায় চোর সন্দেহে তাকে রাতভর গাছে বেঁধে মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদ্ধরা পলাতক থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, নিহতের ভাই গোবরা এলাকার ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।