লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। পরে হাতিবান্ধা এলাকা থেকে জাহেদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ নানা অপরাধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। শুক্রবার তাকে গ্রেফতারে বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় আসামি রাশেদ গ্রেফতার এড়াতে দা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। বেশ কয়েকটি এলোপাতাড়ি কোপ দিয়ে সে পালিয়ে যায়। এতে এসআই রুহুল আমীনের হাতের কব্জিসহ শরীরের একাধিক স্থানে জখম হয়। একইভাবে আঘাত পান এএসআই আব্দুল লতিফও।
খবর পেয়ে থানার অতিরিক্ত পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এসআই রুহুল আমিনকে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় আইগত ব্যবস্থা নেওয়া হবে। হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান, হামলাকারী আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
