যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের মহারণে ফুটবলপ্রেমীরা দেখতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, অন্যদিকে স্পেনের উদীয়মান উইঙ্গার লামিনে ইয়ামাল।

বার্সেলোনার তরুণ এই প্রতিভার বিকাশ দীর্ঘদিন ধরেই নজরে রেখেছেন মেসি। তবে মাঠে নামার আগে প্রশংসা করলেও, ফাইনালে তাকে থামানোর লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ ফাইনালে নিউ জার্সিতে মুখোমুখি হতে চলেছেন বার্সেলোনা একাডেমি থেকে উঠে আসা দুই ভিন্ন প্রজন্মের দুই তারকা। ১৯ বছর বয়সী ইয়ামাল প্রস্তুত হচ্ছেন নিজের শৈশবের আদর্শ এবং বার্সেলোনার সাবেক অধিনায়ক মেসির বিপক্ষে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরোনো ছবিও এই লড়াইকে আরও আলোচনায় নিয়ে এসেছে। ১৯ বছর আগের সেই ছবিতে দেখা যায়, একটি দাতব্য আলোকচিত্র অনুষ্ঠানে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন মেসি।

ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তরুণ স্প্যানিশ তারকার ভূয়সী প্রশংসা করেন মেসি। তিনি বলেন, ‘লামিনে অসাধারণ একজন ফুটবলার। আমি ওর খেলা নিয়মিত অনুসরণ করি, কারণ সে এমন একটি ক্লাবের হয়ে খেলে, যেটিকে আমি ভালোবাসি এবং সবসময় ক্লাবটির সাফল্য কামনা করি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে উঠেছে। সামনে তার পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার সুযোগও রয়েছে। তবে এবার যেন সেটা না হয়, সেই চেষ্টাই আমরা করব!’

এক দশকেরও বেশি আগে ইয়ামালের সঙ্গে প্রথম দেখা হওয়ার স্মৃতিও স্মরণ করেন আর্জেন্টিনার এই কিংবদন্তি। মেসি বলেন, ‘ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। জীবন কত অদ্ভুত! যখন সে শিশু ছিল, তখন আমি ওর সঙ্গে ছবি তুলেছিলাম। আর এখন আমরা বিশ্বকাপের ফাইনালে একে অপরের প্রতিপক্ষ।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি ওর জন্য শুভকামনা জানাই, কারণ ওর সাফল্য বার্সেলোনারও সাফল্য। অবশ্যই আমরা এমন একটি ম্যাচ খেলতে চাই, যাতে সে নিজের সেরা খেলাটা খেলতে না পারে, যদিও সেটা করা খুবই কঠিন।’

দুই দলই দুর্দান্ত ছন্দে থেকে ফাইনালে উঠেছে। স্পেন টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে এই পর্যায়ে এসেছে, আর সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা জিতেছে টানা ১৪টি ম্যাচ।

স্পেনের রক্ষণভাগকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে মেসিকে নিয়ে। কারণ, এই বিশ্বকাপে আট গোল করে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন আর্জেন্টিনার এই অধিনায়ক।

নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে দুই ফুটবল পরাশক্তির দলগত সামর্থ্য, কৌশল এবং ধারাবাহিকতার কঠিন পরীক্ষা হবে। লক্ষ্য একটাই-বিশ্ব ফুটবলের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

আরএএইচইউএল/এমএমআর