টাঙ্গাইলের কালিহাতীতে বিলে গোসলে নেমে পানিতে ডুবে আহসান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের কাজিবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান কাজিবাড়ী গ্রামের এরশাদের ছেলে। সে কাজীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশে বিলে একা গোসল করতে গিয়েছিল। সে দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় বিলে তল্লাশি চালানো হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে কৃষিকাজ করতে গিয়ে মো. সিরাজ উদ্দিন (৬৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত রইছ উদ্দিনের ছেলে। শুক্রবার সকালে নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নিজ জমিতে কৃষিকাজ করতে যান সিরাজ উদ্দিন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদের তীরে নৌকার সন্ধান মিললেও তার খোঁজ পাওয়া যায়নি।