তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আসাদুলের লাশ তিন দিন পর শুক্রবার সকালে সৈকতের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকেই নৌ-পুলিশ ও তালতলী থানা পুলিশ উদ্ধার করে। ৭ জুলাই নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় অতিরিক্ত পানির স্রোতে ভেসে গিয়ে সাগরে ডুবে ওই পর্যটক নিখোঁজ হয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে যান আসাদুল। তারা সমুদ্রে গোসল করতে নামলে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতে সবাই ভেসে যান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও আসাদুল নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।
ঘটনার তিন দিন পর শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দা নিদ্রার চর সংলগ্ন এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। তালতলী থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। উপস্থিত স্বজনরা গায়ে থাকা গেঞ্জি দেখে আসাদুলকে শনাক্ত করেন।
