ধামরাই কুল্ডা এলাকায় জমি বিরোধের জের ধরে সন্ত্রাসীর কোপে গুরুতর আহত আনু মোল্লা চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান। পুলিশ জানায়, সম্পর্কে তার ছোট ভাই সাভারের চিহ্নিত সন্ত্রাসী কানা খোকন তার সৎ দুই ভাইকে গত ২০ দিন আগে জমি নিয়ে বিরোধের জেরে দা’র কোপে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তার অন্য ভাইও আহত হয়। তার নাম মনির মোল্লা। তারা সাভারের ঘোড়াদিয়ে এলাকার বাসিন্দা। ঘটনার পর গুরুতর আহত আনু মোল্লাকে আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করে। কিছু দিন এভার কেয়ার থাকার পর মোহাম্মদপুর এলাকায় হেলর্থ কেয়ার হাসপাতালে এনে ভর্তি করে চিকিৎসা করাচ্ছিল তার পরিবার। শুক্রবার দুপুরে আনু মোল্লা মারা যান। এই ঘটনায় গত ১৮ দিন আগে ধামরাই থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করে আনু মোল্লার ভাই আহত মনির মোল্লা। এ বিষয়ে ধামরাই থানার মামলার তদন্তকারী অফিসার শওকত হোসেন শুক্রবার দুপুরে মুঠোফোনে জানান, আসামিদের আটকে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় উভয়পক্ষের মামলা হয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে আনু মোল্লা মারা যাওয়ায় আগের সেই মামলা এখন হত্যা মামলায় রুপান্তর হবে।
