সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের কুলপোতা এলাকা থেকে আব্দুর রহমান নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কুলপোতার একটি মৎস্য ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। সে কুলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এর আগে সে গত বুধবার সকালে নিখোঁজ হয়।
নিহতের খালা শেফালি খাতুন জানান, আব্দুর রহমানের ৫ বছর বয়সে তার বাবা মাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর মা অন্যত্র বিয়ে করে। মায়ের বিয়ের পর থেকে শিশু আব্দুর রহমান তার কাছে মানুষ হচ্ছিল। গত বুধবার সকালে তিনি স্বামীকে নিয়ে সাতক্ষীরা শহরে ডাক্তার দেখাতে আসেন। বাড়ি ফিরে দেখেন আব্দুল্লাহ বাড়িতে নেই। এরপর সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি মাছের ঘেরের ভেতর তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাদন্তের রিপোর্ট শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
