কালিয়াকৈরের সুত্রাপুরের নামাসুত্রাপুরে বংশাই নদীর পূর্বপাশে সীমার পাড়ে ব্যবসায়ী মইনুল হককে মারধর করে নদীতে ফেলে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। লাশ উদ্ধার হয় ১৯ জুলাই আশুলিয়া এলাকা থেকে। ওই ঘটনায় নিহতের স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে ৮ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।

বুধবার দুপুরে তিনি কালিয়াকৈরের সাংবাদিকদের কাছে তার স্বামী হত্যার জড়িতদের গ্রেফতারের দাবি জানান। নিহত মইনুল হক (৫৫) নামাসুত্রাপুরের মৃত মজিবুর রহমানের ছেলে।

নিহত ব্যবসায়ীর মেয়ে মুনিয়া আক্তার বলেন, ৭-৮ জন লোক আমার বাবাকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। আমরা কালিয়াকৈর থানায় মামলা করেছি। তাদের গ্রেফতার করলে মূল রহস্য বেরিয়ে আসবে। আমি বাবা হত্যার বিচার চাই। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।