নারায়ণগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় রাব্বি নামে এক যুবককে গ্রেফতার করেছে তারা। বুধবার রাত সাড়ে ১২টায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানান ওসি মোহাম্মদ মাহবুব আলম। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলার বাদী থানার এএসআই মো. শাহ জালাল। গ্রেফতারকৃত রাব্বি ফতুল্লার দেলপাড়ার আব্দুল খালেক মিস্ত্রির ছেলে। বুধবার রাতে ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহারে পুলিশের এএসআই শাহ আলম লিখেছেন, মঙ্গলবার ভোররাত ৩টা ৫ মিনিটে ঘটনার সময় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাশে দায়িত্বে ছিলেন। ওই সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা পেট্রোলবোমা নিক্ষেপ করে তল্লা রোডের দিকে পালিয়ে যায়।
