রাজধানীর পল্লবীতে পাইকারি খেলনা ও চুল ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সন্ত্রাসী ‘ফোর স্টার গ্রুপ’র বিরুদ্ধে। তাদের হামলায় দোকান মালিক লিটন ও এক কর্মচারী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে পল্লবীর বাউনিয়াবাদের ১১নং সেকশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফোর স্টার গ্রুপের নাম করে ব্যবসায়ী লিটনের কাছে মোবাইল ফোনে কয়েকদিন আগে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ধ্যা সোয়া ৭টায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল দোকানে হামলা করে। হামলাকারীদের মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা দোকানে ঢুকেই রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা দোকানের ভেতরে মালামাল ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে দ্রুত চলে যায়। সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী লিটন ও তার দোকানের এক কর্মচারী আহত হন। সন্ত্রাসীরা রামদার উলটো পাশ দিয়ে তাদের মারধর করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর বক্তব্য শোনা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।