তাড়াশ থেকে নিখোঁজ অটোরিকশাচালক মো. মিলনের (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খালের কচুরিপানার নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তিনি গাইবান্ধার সাঘাটার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে এবং বগুড়ায় সিএনজি চালাতেন। তিনি গত রোববার নিখোঁজ হন বলে জানিয়েছে পুলিশ। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে খালের কাছে গিয়ে কচুরিপানার নিচে একটি লাশ ভাসতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ইতোমধ্যে লাশের শরীর ফুলে গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে ঘাড় ভেঙে হত্যার পর লাশটি খালের কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।