লোহাগাড়ায় আসহাব হোসেন ফরহাদ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হোসেন আলী মাতব্বর পাড়ায় মাসুমা ফাউন্ডেশন হেফজখানায় এ ঘটনা ঘটে। মৃত আসহাব হোসেন ফরহাদ উপজেলার কলাউজান ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা নোমান বলেন, হেফজখানার মাঠে খেলতে গিয়ে ফুটবল কুড়িয়ে আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃতের বাবা ওমর ফারুক বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। কীভাবে এবং কোন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তা নিয়ে সন্দেহ থেকে যায়। তিনি আরও বলেন, ছেলে মারা গেছে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এ নিয়ে কোনো দুঃখ প্রকাশও করেনি।
থানার উপপরিদর্শক (এসআই) সীমান্ত পোদ্দার বলেন, মৃতের স্বজনরা লাশ থানায় নিয়ে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুরহস্য বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
