মাধবপুরের বাঘাসুরা গ্রামে তাহমিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিদেশে যাওয়ার জন্য টাকা না পেয়ে স্বামী ও তার স্বজনরা তাহমিনাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। নিহত তাহমিনা বেগম উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের ওসমান মিয়ার মেয়ে। সাত বছর আগে বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।

নিহতের ভাই আলমগীর মিয়া জানান, বৃহস্পতিবার রাতে তাহমিনার বাড়ি থেকে ফোন করে জরুরি তাদের যেতে বলা হয়। তিনি ঘটনাস্থলে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখতে পান। তার অভিযোগ, বিদেশে যাওয়ার জন্য কিছুদিন ধরে স্বামী তাহির মিয়া শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য তাহমিনার ওপর চাপ সৃষ্টি করছিল। টাকা দিতে না পারায় তাকে নিয়মিত মারধর করা হতো। ঘটনার পর থেকেই তাহির মিয়া ও তার ঘনিষ্ঠ স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

ওসি সোহেল রানা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।