মাঠে কড়া ট্যাকল করেছে প্যারাগুয়ে। মাঠের বাইরেও একই কাণ্ড। শনিবার ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ নিয়ে বিতর্ক থামছে না। একের পর এক ফাউল, বাজে ট্যাকল, উত্তপ্ত বাক্যবিনিময়, সংঘর্ষ, হাতাহাতি-ফ্রান্সকে রুখতে কিছুই বাদ দেয়নি প্যারাগুয়ে। নিন্দিত হচ্ছে অরলান্দো গিলদের আচরণ। প্যারাগুয়ের সেনেটর সেলেস্তে আমারিলা এবার বিতর্কের আগুনে ঘি ঢাললেন।
ম্যাচের পর এমবাপ্পেকে আক্রমণ করে আমারিলা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রথম থেকেই তোমার উন্নাসিক ভাব আমার একেবারে সহ্য হয় না। সেদিন ম্যাচে নেমে আমাদের খেলোয়াড়কে কুকথা বলেছ। ম্যাচের শেষে তোমরা হাত মেলাওনি, সেটাও খুব খারাপ আচরণ।’ এখানেই শেষ নয়, এমবাপ্পের গায়ের রং নিয়েও অপমানজনক মন্তব্য করেন তিনি। বলেন, “এমবাপ্পে আসলে ক্যামেরুন থেকে উঠে আসা ‘চাকর’, যে নিজেকে ফরাসি বলে চালানোর চেষ্টা করছে।” এহেন অপমানজনক মন্তব্যের পালটা দিয়েছেন এমবাপ্পেও। ফরাসি ফরোয়ার্ড বলেছেন, ‘আপনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নন। বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে আপনি আসলে নিজের দেশের ফুটবলারদের লড়াইকেই অসম্মান করেছেন। আপনি একজন অপদার্থ মহিলা, যিনি নিজের দেশের সবচেয়ে খারাপ ছবিটা তুলে ধরেন।’ এমবাপ্পের এমন মন্তব্যের পর আমারিলা এক্স হ্যান্ডেলে হুমকি দিয়েছেন ফরাসি তারকাকে। তার মতে, ‘এমবাপ্পেকে নিজের কথা প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।’
প্যারাগুয়ের সেনেটরের তোপ, ‘এমবাপ্পে জানে আমি কে? আমাকে অপদার্থ বলার ও কে? আমি মহিলা বলেই আমাকে কুকথা বলেছে। মন্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেব। ও আমাকে চেনে না।’ এই ঘটনায় এমবাপ্পের পাশে রয়েছে ফিফা। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বকাপে বর্ণবৈষম্য বরদাশত করা হবে না। গোটা ফুটবলমহল এমবাপ্পের পাশে রয়েছে।
