মেস থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রাজমনি ইসলাম ইতিহাস বিভাগের ১৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার বিকালে পাবনা শহরের ডিগ্রি বটতলা এলাকার ‘বাদশা’ নামে একটি মেস থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত রাজমনি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের নেকমরদ এলাকার আকালু ইসলামের মেয়ে।

জানা যায়, মেসের পাশের ভবন নির্মাণে নিয়োজিত শ্রমিকরা প্রথমে কক্ষের ভেতরে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীকে দেখতে পান। পরে তারা মেসের মালিককে বিষয়টি জানালে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ইতিহাস বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজমনি ইসলাম বুধবারও ক্লাসে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বেশ স্বাভাবিক ছিলেন। বৃহস্পতিবার তার রুমমেট বাড়িতে চলে যাওয়ায় মেসের ওই কক্ষে একাই ছিলেন রাজমনি। তিনি হত্যার শিকার হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক বলেন, এই ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের সব ধরনের আইনি সহায়তা প্রদান করা হবে। পাবনা সদর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীর পরিবারের কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।