ময়মনসিংহের তারাকান্দায় শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাবনায় যুবকের লাশ পুকুরে ফেলে দেন স্থানীয়রা। যুগান্তর প্রতিনিধিরা জানান : তারাকান্দায় নিখোঁজের তিন দিন পর আব্দুল্লাহ নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ইসলামপুর গ্রামের একটি খালের পাড় থেকে শনিবার লাশটি উদ্ধার করা হয়। আব্দুল্লাহ ওই গ্রামের এনামুল হকে ছেলে। ৮ জুলাই সকালে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। শিশুটি বাবা এনামুল হকের অভিযোগ, বড় ভাইয়ের মেয়ের জামাতা রমজান মিয়ার সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তার ছেলেকে হত্য করা হতে পারে। ফুলপুর-তারাকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পাবনায় গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিন খাঁ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকায় শ্বশুরবাড়ির পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত তুহিন খাঁ টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় স্ত্রী আফসানা খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। ওসি তারিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, তুহিন রাতে মসজিদের বারান্দায় আত্মহত্যা করেন। খবর পেয়ে রাত দুইটায় ঘটনাস্থলে গিয়ে লাশ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তার লাশ পুকুরে ফেলে দেন।
