কক্সবাজারের পেকুয়া উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধ আবু তাহেরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মগনামা ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাহের (৭৫) উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়ার বাসিন্দা।

জানা যায়, শুক্রবার রাতে আবু তাহেরের বাড়িতে একই ইউনিয়নের পুরাতন বহদ্দারপাড়ার নুরুল হোছাইনের ছেলে শিফাত ও শাহ আলমের ছেলে বাহাদুর ঢিল মারে। এ সময় ঘর থেকে বের হয়ে তাহের এর কারণ জানতে চাইলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। বাকবিতণ্ডার এক পর্যায়ে শিফাত ও বাহাদুর ধারালো কিরিচ দিয়ে তাকে কোপায় এবং পিটিয়ে গুরুতর জখম করে। এরপর তাকে পাশের পুকুরে ফেলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

তাহেরের পুত্রবধূ ছকিনা বেগম বলেন, আমার এক জার ঘরের চালে শিফাত ঢিল ছোড়ে। তিনি চিৎকার করলে শ্বশুর আবু তাহের ঘর থেকে বের হয়ে কারণ জানতে চান। তখন শিফাত ও বাহাদুর তাকে (তাহের) কিরিচ দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে পুকুরে ফেলে দেয়। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

তাহেরের বড় ছেলে নবাব মিয়া বলেন, শিফাত একজন বখাটে। আমার ছোটভাই মালয়েশিয়ায় থাকার সুযোগে তার স্ত্রীকে শিফাত প্রায় উত্ত্যক্ত করে। রাতে বাড়িতে ঢিলও ছুড়ে। এ নিয়ে সামাজিকভাবে বিচার-সালিশও হয়। শিফাতের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এরপরও সে উত্ত্যক্ত করা বন্ধ করেনি। শিফাত ও বাহাদুর পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করেছে।