ফেনীতে এক রাতের ব্যবধানে গৃহবধূ ও যুবলীগ নেতা খুন হয়েছেন। ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় শুক্রবার গভীর রাতে সংঘটিত এ দুই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হত্যাকাণ্ডের শিকার গৃহবধূ কাজল আক্তারের বাড়ি ফুলগাজীর আমজাদ হাটের তালবাড়িয়া এলাকায়। তিনি কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। আর জুবায়ের পারভেজ নিজকুঞ্জরা গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ঘোপাল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, কাজল তিন বছরের সন্তানকে নিয়ে বাড়িতে একা থাকতেন। বড় দুই ছেলে মাদ্রাসার ছাত্রাবাসে থাকে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা টিন কেটে ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশ দেখতে পান। কাজলের বাবা আবদুর রশিদ পাটোয়ারী জানান, তার মেয়ের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ভাসুর ইসমাঈল মাস্টারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তার সন্দেহ।
অন্যদিকে, শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে জুবায়ের পারভেজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, পূর্বের তুচ্ছ ঘটনা কেন্দ্র করে পরিকল্পিতভাবে শুক্রবার রাতে তাকে হত্যা করা হয়েছে।
