বগুড়ার শাজাহানপুরে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি আবু সাইদ ওরফে সাবিনুর (৪৫) ধরা পড়েছে। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন। শুক্রবার সকালে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছেন। শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব ও মামলা সূত্র জানায়, শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের মেয়ে শারমিন আক্তার (৩৫) ২০ জুন তার স্বামী সাবিনুরকে জুয়া খেলতে নিষেধ করেন। এতে সাবিনুর ক্ষিপ্ত হয়ে স্ত্রী শারমিনকে মারধর করে। খবর পেয়ে শারমিনের ফুফাতো ভাই সোহাগ, রুবেল ও সাব্বির মীমাংসার জন্য আসামি সাবিনুরকে তাদের বাড়িতে নিয়ে আসেন। রাত ৮টার দিকে আলোচনার একপর্যায়ে সাবিনুর বার্মিজ চাকু দিয়ে সোহাগের বুকে আঘাত করে। ২ নম্বর আসামি সিয়াম চাপাতি দিয়ে রুবেলের বুক ও পেটে কোপ দেয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে ২২ জুন বিকালে সোহাগ মারা যান। পরে শাজাহানপুর থানায় হত্যা মামলা করা হয়।