রাজধানীর গুলিস্তানে ছয় বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রিয়াদ গাজী (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিস্তান মতিউর রহমান পার্কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রিয়াদ গাজীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম যুগান্তরকে এসব তথ্য জানান।
পল্টন থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা তুষার দেবনাথ যুগান্তরকে জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকেন। তাদের বাড়ি বরিশালে। গুলিস্তানে ভাসমান অবস্থায় থাকেন তারা। শিশুটির বাবা ও মা ঘুরে ঘুরে পানি এবং কলম বিক্রি করেন। বৃহস্পতিবার সন্ধায় গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশের রাস্তা পার হওয়ার সময় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় শিশুটি। এরপর বাবা-মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে। ওই সময় গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় বটগাছের নিচে রিয়াদ গাজী শিশুটিকে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা করে। তখন স্থানীয়রা দেখে তাকে আটক করে এবং গণধোলাই দেয়। স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করে। রিয়াদের বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়।
