চট্টগ্রামে পৃথক ঘটনায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনের ট্যাংকে কাজ করতে নেমে তারা প্রাণ হারান। শুক্রবার নগরীর ডবলমুরিং এবং রাউজান উপজেলায় এসব ঘটনা ঘটে। মৃতরা হলেন-ডবলমুরিংয়ের মোহাম্মদ সাকিব ও হৃদয় মিয়া এবং রাউজানের প্রদীপ দাশ ও সমীরণ দাশ।

জানা যায়, ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় জাকির ম্যানশনের পাশে নির্মাণাধীন ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খুলতে দুজন ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে তারা অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। সাকিব ও হৃদয়ের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে।

এদিকে, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঝিকুটিপাড়া রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমেন প্রদীপ ও সমীরণ। সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাসে প্রথমে প্রদীপ অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত প্রদীপের বাড়ি রাউজান নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকায়। আর সমীরণের বাড়ি বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকায়।