আমতলীর গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। র‌্যাব-৮ এর সহযোগিতায় পরিচালিত অভিযানে রোববার আসামি সোহাগ কাজী ও রাসেল কাজীকে গ্রেফতার করা হয়। সোমবার পটুয়াখালী আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের গগনখা বাজার এলাকায় রিপন কাজীর সঙ্গে তার চাচাতো ভাইদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম মামলা করেছিলেন। ওসি মো. মনিরুজ্জামান বলেন, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।